মিরপুর ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
মিরপুর ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
রাজধানীর মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সেইসঙ্গে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন। হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা নিহত-আহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসে নিহত হয়েছেন।’
জামায়াত আমির বলেন, ‘একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় তাদের পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারব না।’
তিনি বলেন, ‘তারপরও আমরা সমবেদনা প্রকাশ করি। আল্লাহর দরবারে দোয়া করি। আলাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা পান। তাদের মৃত্যুর এ ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষমতা নাই।’
জামায়াত আমির আরও বলেন, ‘সরকারের কাছে আমি দাবি জানাই, এরা স্বল্প আয়ের নিরীহ মানুষ। পেটের তাগিদে এখানে এসেছিলেন। নুন আনতে যাদের পানতা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টি দিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরাও তাকাবেন।’

